ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। ১৫ মাস পর ঘরের মাঠে ওয়ানডে। তারপরও দর্শক টানতে পারেনি ওই ম্যাচ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা মাঠে নামতেই ভরে গেছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।
মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নতুন কিছু নয়। তবে এ ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস-উন্মাদনা যোগ হয়েছে চণ্ডিকা হাথুরুসিংহের কারণে। বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। তার পরিকল্পনা ভেস্তে দিয়ে টাইগাররা স্বমহিমায় উজ্জ্বল ব্যাট হাতে। মাঠের দাপট দীর্ঘ করতে বোলিংয়ে জ্বলে ওঠার সুযোগ।

তামিম-সাকিব-মুশফিকরা ব্যাটিং করার সময় স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ছিল দর্শকদের গর্জন। রানটাও হয়েছে বড়। টস জিতে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩২০। এবার বাকি কাজটা মাশরাফী-সাকিব-মোস্তাফিজ-রুবেলদের। তাতে গ্যালারির গর্জনও বাড়তে থাকবে।








