চাঁপাইনবাবগঞ্জ এবং নরসিংদীতে ডাকাত সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে চারজন নিহত এবং নরসিংদীর মনোহরদীতে দুইজন নিহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে নিহতদের মধ্যে একজনের নাম রাব্বানি। অন্য কারো নাম বা পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গোমাস্তাপুরের বোয়ালিয়া গ্রামে মোটর সাইকল আরোহী একজনের গতিরোধ করে চারজনের একটি ডাকাতদল। একসময় আক্রান্ত লোকটির চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে এবং ডাকাত দলের চার সদস্যই গণপিটুনির শিকার হয়।
অপর আরেকটি ঘটনায় নরসিংদীর মনোহরদী উপজেলার গন্ডারদিয়া সড়কে বুধবার রাত ১০টার দিকে গাছ ফেলে ডাকাতির সময় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল মনোহরদী উপজেলার গন্ডারদিয়া সড়কে গাছ ফেলে সিএনজি ও বাসে ডাকাতি শুরু করে। এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে মসজিদের মাইকে ডাকাত প্রতিরোধ করার ঘোষনা দেয়।
এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে চারপাশ থেকে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যাবহৃত প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন বলেন, ডাকাতির সময় গণপিটুনির শিকার দুই ডাকাত নিহত হয়েছে এবং গুরুতর আহত এক ডাকাতকে উদ্ধার করা হয়েছে।






