উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হাইয়োন ইয়ং চোলকে প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে প্রকাশ্যে জণগণের সামনে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সর্ববৃহৎ সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ। তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে গত ৩০ এপ্রিল বিমান বিধ্বংসী কামানের সামনে দাঁড় করে তাকে গুলি করে হত্যা করা হয়।
সংবাদমাধ্যম ইয়োনহ্যাপের খবরে বলা হয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় সেখানে হাইয়োন ঘুমাচ্ছিলেন। এটাকে প্রেসিডেন্ট কিম জং উনের প্রতি অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করা হয় এবং এও বলা হয় তিনি তার কর্তব্য পালন করেননি। একারণে তাকে হত্যা করা হয়। তবে এটা জানা যায়নি আসলে তিনি কী এমন কর্তব্য পালন করেননি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়া বরাবরই নিজেকে আড়াল করে রেখেছে। ফলে দেশটিতে কী ঘটছে না ঘটছে তা জানা খুবই কষ্টকর।
এবছরের প্রথম চার মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বিরুদ্ধে ১৫ জনের বেশি উর্ধতন কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনেছে আন্তর্জাতিক সম্প্রদায়।এসব অভিযোগকে কিম একেবারে উড়িয়েও দেননি। বরং বলেছেন, দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড দমাতে কাউকে হত্যা বা শাস্তি দেয়া তার দেশে নতুন কিছুনা।






