গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর চরম আর্থিক সংকটে পড়ে তার পরিবার। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে মুখ খোলেন জিয়ার স্ত্রী। বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে অন্যতম সেরা জিয়ার পরিবারের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে জিয়ার স্ত্রী ও পুত্রের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক। জানা গেছে, জিয়ার পরিবারের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন তামিম।
জিয়ার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কাছে আনুষ্ঠানিক আবেদন করার জন্য বলা হয়েছে তাদেরকে। জিয়ার পুত্র তাহসিনের খেলার ক্ষেত্রেও বিশেষভাবে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিবি।
গত ৫ জুলাই আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। পল্টনে দাবা ফেডারেশনে ম্যাচ চলাকালীন হঠাৎ পড়ে যান তিনি। আর ফেরা হয়নি। হার্ট অ্যাটাকে দাবার কোর্টেই মৃত্যু হয় ৫০ বছর বয়সে।







