ফরাসি লিগে দিজোঁর বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে পিএসজি। ম্যাচে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন নেইমার। এমন দলীয় এবং ব্যক্তিগত সাফল্যের পরও নেইমারের মুখে হাসি নেই! কেন? ঘটনার সূত্র পুরনো, তবে নতুন করে মাথাচাড়া দেয়ার ইঙ্গিত মিলেছে। তাই আবারও আলোচনায় সেই নেইমার ও এডিনসন কাভানির দ্বন্দ্ব।
গত সেপ্টেম্বরে পেনাল্টি শট নেয়াকে কেন্দ্র দুজনের দ্বন্দ্ব রীতিমত বারুদের গন্ধ ছড়িয়েছিল পিএসজি ড্রেসিংরুমে। এবারের ঘটনাও সেই পেনাল্টি শট নেয়াকে কেন্দ্র করেই।
ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট। পেনাল্টি পায় পিএসজি। তার আগে গোল পেয়েছেন নেইমার-কাভানি দুজনই। নেইমার আবার হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেছেন ততক্ষণে। আর এক গোল করা কাভানি দাঁড়িয়ে ক্লাব ইতিহাসের মাইলফলকের সামনে। একটি গোল হলেই যে জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বাধিক (১৫৬) গোল স্কোরার হবেন উরুগুয়ে ফরোয়ার্ড।
নেইমারের যেহেতু হ্যাটট্রিক হয়েই গেছে, তাই কাভানি ও ক্লাব সমর্থকরা মনে করছিলেন পেনাল্টি শটটা কাভানিরই নেয়া উচিত। কিন্তু নেইমার সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজেই শট নেন এবং ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন।
এসময় গ্যালারি থেকে কাভানির নাম ধরে রীতিমত চিৎকার জুড়ে দেন দর্শকরা। সমর্থকদের মুখে ‘কাভানি’ ‘কাভানি’ রব আর দুয়ো শুনে ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ক্ষেপে যান নেইমার। যার কারণে গোল করেও সতীর্থদের সঙ্গে উদযাপন করেননি।
ফরাসি দৈনিক লেকিপে জানাচ্ছে, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান তারকা কোনদিকে না তাকিয়ে সরাসরি ড্রেসিংরুমের পথ ধরেন। এত বড় জয়ের দিনে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে হাত মেলানোর সময় পর্যন্তও মাঠে অপেক্ষা করেননি নেইমার। এতটাই ক্ষত-বিক্ষত হয়েছে তার মন!








