প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট অথচ প্রস্তুতির একদমই সময় নেই। তাই আলাদা প্রস্তুতির জন্য অপেক্ষায় না থেকে ইন্দোরেই কৃত্রিম আলোয় গোলাপি বলে অনুশীলন করতে চাইছে ভারত।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ইন্দোরে, শুরু হবে ১৪ নভেম্বর থেকে। টি-টুয়েন্টি সিরিজ ২-১এ জেতার পর এবার ব্যস্ততা টেস্ট ক্রিকেট নিয়ে। এরমধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটির গুরুত্ব বাংলাদেশ-ভারতের কাছে সমান গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। কারণ প্রথমবারের মতো দু-দেশই খেলতে চলেছে দিবা-রাত্রির টেস্ট।
বাংলাদেশের ক্রিকেটারদের একদমই নেই গোলাপি বলে খেলার অভিজ্ঞতা। ভারতের বেশিরভাগ খেলোয়াড়ের কাছেও একই। ঘরোয়া ক্রিকেটে কয়েকজনের টুকটাক অভিজ্ঞতা থাকলেও সেটা উল্লেখযোগ্য নয়।
সে কারণেই লাল বলে প্রথম টেস্টের প্রস্তুতি নেয়ার পাশাপাশি গোলাপি বলেও প্রস্তুতি নিয়ে রাখতে চান কোহলিরা। এজন্য অনুরোধ জানানো হয়েছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। সেই মোতাবেক ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার সাবেক সচিব মিলিন্দ কানমাদিকর।







