গুলশানে জঙ্গি হামলা চালানোর সময় সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে নিহত জঙ্গি শফিকুল ইসলাম ওরফে উজ্জলের সহযোগি আমিরুল ইসলাম নামের আরো একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মঙ্গলবার ভোরে নিহত জঙ্গি শফিকুল ইসলাম ওরফে উজ্জলের চাকুরিদাতা গ্রেপ্তার হ্ওয়া মিলনের তথ্য অনুযায়ী আমিরুলকে আটক করে।
তবে তদন্তের স্বার্থে তাকে কোন এলাকা থেকে আটক করেছে তা জানাননি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানায়, নিহত জঙ্গি শফিকুল ইসলাম ওরফে উজ্জলের চাকুরিদাতা মিলনকে আটকের পর ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মিলনের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার একটি এলাকা থেকে শফিকুলের সহযোগী আমিরুলকে আটক করে পুলিশ। আমিরুলের আটকের বিষয়টি স্বীকার করলেও অভিযানের স্বার্থে নির্দিষ্ট এলাকার বিষয়ে জানায়নি পুলিশ।
আটক আমিরুলকে নিয়ে আরো কয়েকটি অভিযান পরিচালনার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে মাদীরা মাদাবর মেমোরিয়াল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক জানান, বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৩ সালে মিলনের নিয়োগের ৬ মাস পর শফিকুল ইসলামসহ কয়েকজনকে তার সুপারিশে চাকরি দেয়া হয়। তার মধ্যে আমিরুল ইসলামও ছিল।
এর মধ্যে ২০১৫ ডিসেম্বরের প্রথম দিকে শফিকুল চাকরি ছেড়ে দেয়। তার মধ্যে ২০১৬ জানুয়ারীতে নুর মোহাম্মদ নামে এক শিক্ষককে ডিবি পুলিশ গ্রেপ্তার করলে আমিরুল ইসলামসহ বাকি কয়েকজন শিক্ষক চাকরি ছেড়ে দেয়।







