‘স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের কর্ম, অর্জন, সংগ্রাম, পছন্দ আর জীবনের নানা দিক জানতে এবং তাদের সম্মান জানাতে আমরা আনন্দ আয়োজন করছি। এর নাম দেওয়া হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর”।’ বললেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার সম্পাদক কংকন নাগ।
তিনি জানান, গত কয়েক বছরে সর্বেচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদক’ পেয়েছেন— উদীচী’র এমন গুণীজনদের নিয়ে আগামীকাল বুধবার আনন্দ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আনন্দ আয়োজন। এই অনুষ্ঠানে থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম, শামসুজ্জামান খান, আশরাফুল আলম এবং মরণোত্তর পদকপ্রাপ্ত গোলাম সামদানী কোরায়শীর পরিবারের সদস্যরা। থাকবেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন দ্বিজেন শর্মা, কামাল লোহানী, মফিদুল হক, আবুল মোমেন, সারা যাকের, মাহমুদ সেলিম এবং তানভীর মোকাম্মেল।
কংকন নাগ বলেন, ‘এই গুণীজনদের সাহচর্য এবং সান্নিধ্যে বিভিন্ন সময়ে উদীচীর পথচলা সুদৃঢ় হয়েছে। নানান সময়ে এ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও গণআন্দোলনে উদীচীর পক্ষ থেকে সরাসরি মাঠে থেকে অথবা নানা ধরনের পরামর্শ দিয়ে বিশেষ ভূমিকা রেখেছেন। তাই তাঁদের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে উদীচী আনন্দিত। আর সেই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ আনন্দ আয়োজন করা হয়েছে।’
আয়োজনের সভাপতিত্ব করবেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদ। আয়োজনে থাকছে গুণী শিল্পীদের সংক্ষিপ্ত জীবনী পাঠ, তাঁদের পছন্দের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন। উদীচীর শিল্পী-কর্মীরা ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেবেন।







