শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিমনস্ক মানবিক মানুষ। সে লক্ষ্যে এখন থেকেই আমরা শিক্ষা কার্যক্রমের রূপরেখা প্রণয়নে কাজ করছি।
আজ বুধবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা জেলার স্কুল ও কলেজের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মসিউর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুন-অর-রশীদ।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ তাদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন।







