প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি ৮৭ লাখ টাকার জরুরি ত্রাণ নিয়ে জরুরি ত্রাণ নিয়ে নৌবাহিনীর জাহাজ ২টি জাহাজ সমুদ্র অভিযান ও খাদেম সেন্টমার্টিন ও কুতুবদিয়ায় যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বানকে মামাবাড়ির আবদার উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এই মামাবাড়ির আবদার মানা হবে না। আমাদের দলের নেতাকর্মীরাও মামলা মোকাবেলা করছেন। আমাদের দলের এমপিরা এখনো দুদকের মামলা মোকাবেলা করছেন। কাজেই বিএনপির মহাসচিব যে আবদার করেছেন, তাতে আমাদের কিছু করার নেই।’







