রাজধানীর দক্ষিণখানে দেওয়ানপাড়া এলাকায় ‘ক্লুলেস’ মনির হোসেন হত্যার রহস্য উদঘাটন এবং সেই সাথে হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান ও মোঃ আকিকুল ইসলাম। গ্রেফতারের সময় মেহেদীর কাছ থেকে ভিকটিম মনিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
সোমবার রাত ১০.১৫টায় ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি উত্তরের বিমান বন্দর জোনাল টিম।
চলতি বছর ২৮ এপ্রিল হত্যাকাণ্ডের পরদিন দক্ষিণখান থানায় একটি মামলা করা হয়। মামলার পর থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে ডিবি উত্তরের বিমান বন্দর জোনাল টিম।
প্রাথমিক অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকা হতে বিশেষ অভিযান করে মেহেদী ও আকিকুলকে গ্রেপ্তার করা হয়।
সুমন কান্তি বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মনির গ্রেপ্তার মেহেদী ও আকিকুলকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে তারা রাজি না হয়ে বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মনিরকে হত্যা করে।
তিনি আরো বলেন, ডিবি সূত্রে জানা যায় ভিকটিম মনির হোসেন (৩০) দক্ষিণখান থানা এলাকায় দেওয়ানপাড়ার, দেওয়ান বাড়ির ৫ম তলার মেসে থাকত। সে জায়গা-জমির ব্যবসার পাশাপাশি উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রি করত ও সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিত। চলতি বছরের ২৮ এপ্রিল তার রুমমেট পিয়াস বাহির থেকে এসে দরজা ধাক্কা দিলে কেউ দরজা না খুললে সে লক্ষ্য করে দরজাটি বাহির থেকে হ্যাজবোল্ড লাগানো। পিয়াস হ্যাজবোল্ড খুলে রুমে ঢুকে মনিরের গলায় রশি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে বললে তারা এসে মৃত ব্যক্তির সুরতহাল করে মর্গে পাঠায়।







