ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নিজেকে মেলে ধরছেন ২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের জার্সি তিনি ইতোমধ্যে গায়ে জড়িয়েছেন। গত জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিলো তার।
আর এবার ডাক পেলেন ওয়ানডে দলে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান-অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত।
ঘরোয়া লীগে মোসাদ্দেকের দারুণ পারফরম্যান্সের জন্যই জাতীয় দলে তার ডাক পাওয়া। লীগের প্রথম রাউন্ডে সেঞ্চুরির পর দ্বিতীয় রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেট ১২ ম্যাচে এটা মোসাদ্দেকের তৃতীয় ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানের প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি নেই। 
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ৬২২ রান করেছেন পাঁচ ফিফটিতে।
এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে মোসাদ্দেক ৩৯ ম্যাচে এক সেঞ্চুরি ও নয় হাফসেঞ্চুরিতে করেছেন ১২৯১ রান। সৈকত বল হাতে নিয়েছেন ২০ উইকেট।
ময়মনসিংহের ছেলে মোসাদ্দেক প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৯৮৫ রান। তার ব্যাটিং গড় ৭০.৮৯। স্ট্রাইক রেট ৬৯.০৯। সেঞ্চুরি করেছেন সাতটি, হাফ সেঞ্চুরি করেছেন ছয়টি। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।
মোসাদ্দেকের তিন ভাইয়ের মধ্যে তিনজনই ক্রিকেটের সঙ্গে, দেশের মাটিতে হওয়া অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে ছোট ভাই মোসাব্বেক হোসেন নিজ আলোয় চিনিয়েছেন নিজেকে। সবার ছোট মুন এখন খেলছেন অনূর্ধ্ব-১৩ দলে। এক কথায় ক্রিকেটের জন্য নিবেদিত পরিবার।








