মেসি যতদিন আছেন ততদিন বার্সেলোনায় ১০ নম্বর জার্সিটা যে কেউ পাবে না এটা দিনের আলোর মতোই পরিস্কার। জাদুকরের অবসরের পরেও সেটা হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। তাই লিভারপুলে ১০ নম্বর জার্সি গায়ে দিলেও বার্সায় ভিন্ন জার্সিই গায়ে চড়াতে হবে ফিলিপে কৌতিনহোকে।
বার্সায় পাকাপাকি হলেও ইনজুরির কারণে অভিষেক হয়নি। সেই সঙ্গে জার্সি নম্বরটা ঠিক হয়নি ব্রাজিলিয়ান তারকার। তবে কাতালান ক্লাব ছেড়ে স্বদেশী বেসিকতাসে গেছেন তুর্কি মিডফিল্ডার আর্দা তুরান। ধারণা করা হচ্ছিল, সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার ৭ নম্বর জার্সিটা পাচ্ছেন কৌতিনহো। কিন্তু সেটাও হচ্ছে না।
কারণ ৭ নম্বর বার্সা রিজার্ভ রাখছে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনিও গ্রিজম্যানের জন্য। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন দল বদলের সময়ই যার বার্সায় আসা পাকা।
তাহলে কত নম্বর জার্সি গায়ে উঠবে কৌতিনহোর? ফক্স আর্জেন্টিনার বরাতে স্প্যানিশ দৈনিক এএস বলছে, ১৪। এই নম্বরটি এখনও দখলে আছে আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানোর। ডিফেন্ডার ইয়েরি মিনা দলে ভেড়ায় আবার ক্লাব ছাড়া দ্রুততর হতে পারে মাসচেরানোর। আর তার গন্তব্যটা হয়তো চীন। মিনার জার্সি নম্বর অবশ্য ঠিক হয়েছে ২৪। বার্সা থেকে সাবেক লিভারপুলের এক তারকার বিদায়ের পরই ১৪ নম্বর জার্সিটা গায়ে উঠবে সদ্য সাবেক আরেক লিভারপুল তারকার।







