সাউথ আফ্রিকায় সিরিজ হারতেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। টানা ৯টি সিরিজ জয়ের পর একটি সিরিজ হারতেই ‘বিরাট আগ্রাসন’ নিয়ে প্রশ্ন তুললেন প্রোটিয়াদের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ভারতের সর্বকালের অন্যতম রেকর্ডের অধিকারী অধিনায়ক কোহলি বেশিদিন নেতৃত্বে থাকবেন কিনা, সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই সাবেক।
প্রথম দুটি টেস্টে দল নির্বাচন নিয়ে অনেক সমালোচনা চলছিল। সেঞ্চুরিয়নে নিজে রান পেলেও দল ব্যর্থ। স্মিথ তো সরাসরি বলেই দিলেন, ‘আমার মনে হয় না বিরাট দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক থাকতে পারবে।’
২২ বছর বয়সেই সাউথ আফ্রিকার অধিনায়ক হয়েছিলেন স্মিথ। নেতা হিসেবে যথেষ্ট সফল। তার কথায়, ‘বিরাট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। আক্রমণাত্মকও। কিন্তু সতীর্থরা কী ভাবছে তা নিয়ে কী বিরাট ওয়াকিবহাল?’
স্মিথের ধারণা ভারতীয় ড্রেসিংরুমে বিরাটই রাজা। বাকিরা তার উপরে কথা বলতে পারেন না। স্মিথ বলছেন, ‘ড্রেসিংরুমে বাকিদের কথারও গুরুত্ব দেয়া উচিত। সতীর্থদের মতামত চাওয়াটা জরুরি। না হলে সমস্যা হয়ে যায়। বিরাটের সিদ্ধান্তকে ড্রেসিংরুমে কেউ যদি চ্যালেঞ্জ করত, তাহলে হয়ত ভারতীয় দল আরও ভাল খেলত। কারণ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য কাউকে দরকার হয়।’
স্মিথের কথায়, মাঠে বিরাটের আগ্রাসনের জন্যই সতীর্থরা কোন কথা বলেন না। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে বিরাট একটা পরিচয় তৈরি করে ফেলেছে। মাঠে প্রচণ্ড আক্রমণাত্মক থাকে। সেকারণেই হয়ত টিম মিটিংয়ে বিরাটই কথা বলে। বাকিরা শুনে যায়। বিদেশে দল ব্যর্থ হচ্ছে। বিরাটও চাপে রয়েছে। আমার মতে অন্য কাউকে অধিনায়ক করা উচিত। তাহলে বিরাট আরও মুক্তমনে খেলতে পারবে।’








