প্লেঅফে ইতালিকে কাঁদিয়ে বিশ্বকাপ খেলতে আসা সুইডেন সাউথ কোরিয়াকে কষ্টে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে রিভিউ পেনাল্টিতে থেকে গোল করে ১-০ ব্যবধানে জয় পায় দলটি।
প্রথমার্ধে সুইডেন বল দখলের লড়াইয়ে ৬১ শতাংশ সময় এগিয়ে থেকেও গোল বের করতে পারেনি। তারা গোলমুখে আক্রমণ নিয়ে যায় ৮ বার। সাউথ কোরিয়ার গোলরক্ষক দারুণ দক্ষতার পরিচয় দেন এই সময়ে। মার্কাস বার্গকে দুইবার গোল থেকে বঞ্চিত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে কোরিয়া আক্রমণে গতি বাড়ায়। সুইডেনের রক্ষণ কেঁপে যায় বেশ কয়েকবার। লড়তে থাকে সুইডেনও। ৫৭তম মিনিটে হওয়াং হি-চান নিজেদের বক্সের বাঁদিকে ফাউল করলে ফ্রি-কিক পায় সুইডেন।
ফ্রি-কিক থেকে উড়ে আসা বল বার্গ দারুণভাবে হেড করেন। কোরিয়াকে এবারও রক্ষা করেন গোলরক্ষক জো হিয়েনউ। প্রথম দফায় তিনি বল ফিরিয়ে দেন। পরে ডিফেন্ডার কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন।
দারুণ লড়তে থাকা কোরিয়া থমকে যায় রিভিউ পেনাল্টিতে। মাঠের রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজাননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) নির্দেশে রিপ্লে দেখার সিদ্ধান্ত নেন তিনি। বল থামলে রিপ্লে দেখে জানিয়ে দেন ভিক্টর ক্লায়েসনকে অবৈধভাবে মাটিতে ফেলেছেন কোরিয়ান ডিফেন্ডার।
শট নিতে আসেন আন্দ্রেস গ্রানকভিস্ট। ঠাণ্ডা মাথায় বল ডানদিকে পাঠিয়ে দেন। কোরিয়ান গোলরক্ষক ঝাঁপ দেন বাঁদিকে।
সুইডেন এরপর রক্ষণাত্মক ফুটবলে মন দিয়ে সময় পার করে দেয়।
শেষদিকে হয়াংয়ের একটি হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়। বারেও লাগে একটি বল।
এই গ্রুপ (পি) থেকে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে জয় পেল সুইডেন। কোরিয়া ছাড়া অন্য দলটি জার্মানি।







