তৃতীয় সারির দল লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে কোপা ডেলরের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে করোনা জর্জরিত বার্সেলোনা।
বুধবার রাতে আন্দালুসিয়ায় হওয়া ম্যাচে মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই করোনা আক্রান্ত ও ইনজুরিতে পড়ায় অবধারিত ভাবেই বার্সা মূল একাদশ নিয়ে মাঠে নামতে পারেনি। বরং উল্টো ফ্রান কারনিসের ক্রসে বল নিয়ে হেডে গোল করে হুগো দিয়াজ লিনারেসকে এগিয়ে দিলে অতিথি কাতালান ক্লাবটি।
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রেংকি ডি ইয়ং, জেরার্ড পিকে এবং উসমান ডেম্বেলেকে নামিয়ে দেন বার্সা কোচ জাভি। ৬৩ মিনিটে আসে তার ফল, অস্কার মিনগুয়েজের অ্যাসিস্টে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে কিক নেন ডেম্বেলে। প্রতিপক্ষের গোলরক্ষক ব্রিমাহ রাজাক নিচু হয়ে আসা বলটি ধরতে ব্যর্থ হলে তা জালে প্রবেশ করে। সমতায় ফেরে বার্সেলোনা।
এর ছয় মিনিট পর পাল্টা আক্রমণ থেকে নিকোলাস গঞ্জালেস ইগলেসিয়াসের পাসে বল পেয়ে ডান পায়ের শটে ফেরান জুতাগ্লা লক্ষ্যভেদ করে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন।







