অনেকদিন ধরেই গুগল, ফেসবুকসহ টেক জায়ান্টগুলো প্রকাশ্যে, অপ্রকাশ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছে।
কাজের অগ্রগতি সম্পর্কে বোঝাতে এবার জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার পেজে পোস্ট করেছেন একটি ভিডিও।
ভিডিওটিতে মার্ক সবাইকে পরিচয় করে দিয়েছেন নতুন এক এআই সফটওয়্যারের সঙ্গে, যার নাম ‘জার্ভিস’। জনপ্রিয় সুপারহিরো মুভি ও মারভেল কমিকস ‘আয়রন ম্যান’-এ থাকা এআই সিস্টেমের নামে মার্ক তার নতুন সফটওয়্যারটির নাম দিয়েছেন।
এআই অ্যাসিস্ট্যান্ট জার্ভিস নিয়ে এক বছর ধরে কাজ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা। তার এবং তার দলের প্রায় ১শ’ ঘণ্টা পরিশ্রমের ফল হিসেবে তৈরি সফটওয়্যারটি নিয়ে সোমবারই প্রথম একটি ৩ হাজার শব্দের স্ট্যাটাস পোস্ট করেন মার্ক।
সফটওয়্যারটি ব্যবহারকারীর নির্দেশ একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বুঝতে পারে। অ্যাপটি দিয়ে ভয়েস কমান্ড ও টেক্সট মেসেজের সাহায্যে যোগাযোগ করা যায় জার্ভিসের সঙ্গে।
জার্ভিসের দক্ষতার মধ্যে রয়েছে: এয়ারকন্ডিশন ও থার্মোস্ট্যাটের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বাতি জ্বালানো-নেভানো, টোস্টার, টেলিভিশন, মিউজিক প্লেয়ারের মতো ডিভাইসগুলো চালানো, ফেস রেকগনিশন বা চেহারা সনাক্ত করা ইত্যাদি।
শুধু তাই নয়, জার্ভিস একটি বাসার ভেতরে চলমান কাজকর্ম মনিটর করতে পারে, যার উদাহরণ হিসেবে ভিডিওতে দেখা যায়, সফটওয়্যারটি মার্ককে জানাচ্ছে তার মেয়ে ম্যাক্সের ঘুম ভাঙ্গার কথা। আবার ম্যাক্সের ঘর থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বাবা-মাকে কড়া গলায় সাবধান করতেও শোনা যায় সেখানে।
জার্ভিস নামের এই সফটওয়্যারটিকে উন্নত করতে আর কী কী করা যায়, ভিডিওর শেষে মার্ক সবার কাছে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন।
ভিডিওটি দেখুন এখানে:








