ভারতের পশ্চিমবঙ্গের কালারস বাংলার সিরিয়ালের টাইটেল গানটি গেয়েছেন সিঁথি সাহা। সিরিয়ালের নাম ‘শ্রী চৈতন্য’। জানা গেছে, সিঁথি সাহাকে এই সুযোগটি করে দিয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে সিঁথি সাহার নতুন গান ‘আমি তোমাকে চাই’র মিউজিক ভিডিওর প্রকাশনা হলো। এই গানের কথা লিখেছেন কবি শ্রীজাত আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় এসেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
সিঁথি সাহা বললেন, ‘কলকাতার ছবি “বোঝে না সে বোঝে না”র গানগুলো শোনার পর থেকেই আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর ভীষণ ভক্ত। আমি কলকাতার রিয়েলিটি শো “সারেগামাপা”র প্রতিযোগী ছিলাম। তখন থেকেই তার সঙ্গে যোগাযোগ। এর ফলে আমার নতুন গান ও টিভি সিরিয়ালে কাজ করা অনেক সহজ হয়েছে।’
সিঁথি সাহা জানালেন, এরই মধ্যে ‘শ্রী চৈতন্য’ সিরিয়ালের টাইটেল গানের কণ্ঠ দিয়েছেন তিনি।








