শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মাহবুব) আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক।
লাল সবুজ পতাকায় জড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানোর পর তাকে কানাডার অটোয়া মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়।
স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪০) অটোয়া জামে মসজিদে জোহর নামাজের পর তার ‘নামাজে জানাজা’ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত দেড়টা) অটোয়া মুসলিম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় আ ফ ম মাহবুবুল হককে সমাহিত করা হয়।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এই বীর সৈনিককে শেষ বিদায় জানাতে অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহর থেকে আসা মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক গত ৯ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ নভেম্বর সকাল সোয়া দশটা) অটোয়া সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আ ফ ম মাহবুবুল হক মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।







