দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬৪৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জন। শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে কেউ মারা যায়নি, পাশাপাশি দেশের ৪০ জেলায় নতুন করে করোনা আক্রান্ত নেই। এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৫ হাজার ৪৭৩টি পরীক্ষায় ২৫৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ০২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭৯ লাখ ১৭ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭১৯টি নমুনা। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সকলে সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।







