ভারত-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্টে জমজমাট লড়াই চলছে। তবে পেসস্বর্গ ওয়ান্ডারার্সের বধ্যভূমিতে পেসারদের ‘মাস্তানি’তে হাবুডুবু খাচ্ছে দুদলের ব্যাটসম্যানরাই। প্রথমদিনে ১১ উইকেটের পর দ্বিতীয় দিনও পতন হয়েছে ১০ উইকেটের। যেখানে স্কোরবোর্ড কোন ইনিংসই ২০০ অতিক্রম করেনি।
প্রথম ইনিংসে ভারতের ১৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনে ১৯৪ রানে অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকা।
প্রথম ইনিংসে মাত্র সাত রানে এগিয়েছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান এক উইকেটে ৪৯। ফিরে গেছেন ওপেন করতে নামা পার্থিব প্যাটেল (১৬)।
ভারত এখন ৪২ রানে এগিয়ে। দিনশেষে ক্রিজে মুরালী বিজয় (১৩) ও লোকেশ রাহুল (১৬)।
বুধবার ভারতের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মার্করামের উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা। দিনের শেষে তাদের রান ছিল ১ উইকেটে ৬।
বৃহস্পতিবার নাইটওয়াচম্যান কাসিগো রাবাদাকে নিয়ে ব্যাট করতে নামেন ডিন এলগার। স্কোরবোর্ডে ১০ রান যোগ হওয়ার পরই আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। এলগারকে (৪) ফিরিয়ে দেন। আগেরদিন ভুবির বলেই আউট হয়েছিলেন মার্করাম (২)।
১৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। ৮ রান করে ফ্যাফ ডু প্লেসিস বুমরাহর শিকার হন। রাবাদা (৩০) দীর্ঘক্ষণ ক্রিজে টিকেছিলেন। তাকে ফেরান ইশান্ত শর্মা।
পরে এবি ডি’ভিলিয়ার্স (৫), কুইন্টন ডি কক (৮) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ভারনন ফিনল্যান্ডার (৩৫) কিছুটা লড়াই করেন। তাকে ফেরান মোহাম্মদ শামি। হাশিম আমলা (৬১) প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাকে ফেরান বুমরাহ।
ইনিংসের সেরা বোলার পেসার জসপ্রীত বুমরাহ, ৫৪ রান দিয়ে ৫ উইকেট তার। ৩টি ভূবনেশ্বরের দখলে।








