সিলেট থেকে: বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে সংস্করণে ৪ হাজার রান পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নামার আগে মাইলফলক থেকে ৬ রান দূরে ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান।
মাহমুদউল্লাহর আগে ৪ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুইশর বেশি ওয়ানডে খেলা এ তিন ক্রিকেটার পেরিয়েছেন ৬ হাজার রানের মাইফলকও।
৭ হাজার ছোঁয়ার অপেক্ষায় আছেন তামিম। বাঁহাতি ওপেনার ২০৫ ম্যাচে করেছেন ৬,৯১৬ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারি ক্লাবে ঢুকে পড়ার সুযোগ তামিমের। শেষ দুটি ম্যাচে করতে হবে ৮৪ রান।
মাহমুদউল্লাহ চার হাজার রান পূর্ণ করলেন ১৮৬তম ম্যাচে। জিম্বাবুয়ের অফস্পিনার ওয়েসলে মাধভেরেকে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারে নিজের সংগ্রহকে টেনে নেন চার হাজারি ক্লাবে।







