মিরপুরের মতো চট্টগ্রামেও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ৮৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করা ডেভিড ওয়ার্নার ফিরে যেতে পারতেন ৫২ রানেই। সিলিতে ক্যাচ ছাড়েন মুমিনুল হক। ৭৩ রানের সময় দ্বিতীয় জীবন পান মুশফিকুর রহিম স্টাম্পিং মিস করলে। দ্বিতীয় দিনের খেলা শেষে এই সুযোগগুলোকে মিস বলতে নারাজ নাসির হোসেন। তার কাছে দুটিই ছিল ফিফটি-ফিফটি চান্স।
‘আপনি যদি দেখেন মুমিনুলের ক্যাচটা কিন্তু ফিফটি-ফিফটি । ওটাকে ক্যাচ বলতে পারবেন না, ওটা কঠিন ছিল। সিলিতে ওসব ক্যাচ ধরা একটু কঠিন। আর স্টাম্পিংয়ের কথা বললে বলটা তো একদমই নিচে নেমে গেছে। তো এটা আমার মনে হয় না ফুল চান্স, ফিফটি-ফিফটি। নিতে পারলে ভাল হতো।’ মন্তব্য নাসিরের।
৬৪ ওভার বল করে অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। যার একটি ম্যাচের দ্বিতীয় ওভারেই। দ্বিতীয় সাফল্য ম্যাচের ২৯তম ওভারে। প্রথমটি মোস্তাফিজ আর দ্বিতীয়টি তাইজুলের হাত ধরে।
দুই উইকেট হারিয়ে ২২৫ রানে দিন শেষে করেছে অজিরা। হাতে আট উইকেট নিয়ে ৮০ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩০৫ রান।
নাসির মনে করেন এক থেকে দেড়শ রান কম করে ফেলেছে তার দল, ‘যেমন উইকেট তাতে আমার মনে হয় আমরা ১০০ থেকে ১৫০ রান কম করে ফেলেছি। আমাদের অন্তত ৪০০ থেকে ৪৫০ রান করা উচিত ছিল।’
ছবি: সাকিব উল ইসলাম।







