ফাইনালের আগেই ভারতীয় নারী ক্রিকেট দল বুঝে যায় এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। ম্যাচের আগে ডিনার পার্টিতে এসে মিতালি রাজ বাংলাদেশ বন্দনায় মাতেন। শুধু ভারতীয়রা না, পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের নাম মানুষের মুখেমুখে ছিল। দেশে ফিরে এসব কথা জানিয়েছেন বিজয়ী দলের সদস্য রুমানা আহমেদ।
রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের মেয়েরা। ভারত এই টুর্নামেন্টে আগের ছয় বারের টানা চ্যাম্পিয়ন। আসরে তাদের দুবার হারানোর পাশাপাশি পাকিস্তানকেও হারিয়েছেন রুমানা-সালমারা।
সোমবার তারা দেশে ফিরলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবর্ধনা দেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে প্রত্যেক ক্রিকেটারকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেয়ার কথা বলা হয়েছে। এসেছে পারিশ্রমিক বাড়ানোর ঘোষণাও।
সংবর্ধনা অনুষ্ঠানে রোমানা বলেন, ‘ওখানে আমাদের নিয়ে দুটি ডিনার পার্টি হয়েছে। আলোচনায় শুধু বাংলাদেশ আর বাংলাদেশ ছিল। বাংলাদেশের এতটা উন্নতি দেখে ওরা অবাক হয়েছে।’
ফাইনালে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। দ্বিতীয় বলে রুমানা চার হাঁকিয়ে কাজ সহজ করে দেন। শেষ পর্যন্ত ২৩ রানের কার্যকরাী একটি ইনিংস খেলে বিদায় নেন। দল তখন জয় থেকে দুই রান দূরে। জাহানারা আলম সেটি নিয়ে নেন।
মিতালি রাজকে নারী ক্রিকেটের এই প্রজন্মের অন্যতম সেরা বলে বিবেচনা করা হয়। তার মুখ থেকে প্রশংসা শুনে রুমানা আপ্লুত, ‘মিতালি রাজের মতো প্লেয়ার স্টেজে উঠে বাংলাদেশের প্রশংসা করেন। তার বক্তব্যের অর্ধেকটাই ছিল বাংলাদেশ নিয়ে।’








