ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। ফলে এপ্রিল মাসে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা গুণতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। ঘোষিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯২ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা।
এ ছাড়া ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।







