এমন অভিজ্ঞতা আগে কখনোই হয়নি পেপ গার্দিওলার। কোচিং জীবনে লিগে একই দলের কাছে মৌসুমের দুই লেগেই হারতে হয়নি তাকে। কোচ গার্দিওলাকে ‘প্রথম’ সেই তিক্ত অভিজ্ঞতাটা দিল অ্যান্তোনিও কন্তের চেলসি। বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা। প্রথম লেগে চেলসির কাছে ৩-১ গোলে পরাজের তিক্ত স্বাদ নিতে হয়েছিল সিটিজেনদের।
স্ট্যামফোর্ড ব্রিজে সিটির বিপক্ষে নিজেদের আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের শোধ নিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল চেলসি। দারুণ সব আক্রমণের ফলও পেয়েছে দ্রুতই। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। আসপিলিকুয়েটার পাসে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
সমতায় ফিরতে মরিয়া সিটিজেনরা ম্যাচে ফিরেছিল দ্রুতই। ২৬ মিনিটে ডেভিড সিলভার শট চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথম চেষ্টায় ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন সার্জিও আগুয়েরো।
তবে ম্যাচের ৩৫ মিনিটে আবারো হোঁচট খায় গার্দিওলা বাহিনী। পেদ্রো রদ্রিগেজকে ডি-বক্সে ফেলে দিয়ে ব্লুজদের পেনাল্টি উপহার দিয়েছেন ফার্নান্দিনহো। পেনাল্টি থেকে প্রথম চেষ্টায় গোল করতে ব্যর্থ হলেও ফিরতি শটে জালে বল জড়িয়ে নিজের জোড়া পূর্ণ করেন হ্যাজার্ড।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেছে দুদলই। কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোল করার কাজের কাজটি অবশ্য করতে পারেনি ম্যানসিটি। তাতে ২-১ গোলের জয়ে লিগ শিরোপার দিকে আরেক পা দিয়ে রাখল কন্তের শিষ্যরা।
এই জয়ে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে চেলসি। সমান ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৫৮ পয়েন্ট। টেবিলের চতুর্থ স্থানেই থাকল তারা।







