স্বজনদের সঙ্গে ঈদ করতে ঈদের আগের শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। ঈদযাত্রায় এখন উপচেপড়া ভিড় বাস ও রেলস্টেশনে। মহাসড়কে যানজট কিছুটা কম থাকায় সঠিক সময়েই বাস ছেড়ে যাচ্ছে। আর কয়েকটি ট্রেনের বিলম্ব হলেও নিরাপদ ভ্রমণে ট্রেনে উঠতে পেরে খুশি ঈদে ঘরমুখো যাত্রীরা।
রাজধানীর গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। বেশিরভাগ বাস ছাড়ছে ঠিক সময়েই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে পেরে খুশি বাড়ি ফেরা মানুষ।
সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন তিনি।
ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেলস্টেশনে যেন তিলধারণের জায়গা নেই। তবে কিছু ট্রেন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব করার অভিযোগ যাত্রীদের।
তবে বিলম্বের চাইতে নিরাপদ ভ্রমণকেই বেশি গুরুত্ব দিচ্ছে রেলওয়ে। ৫টি বিশেষ ট্রেনসহ ৬৯টি ট্রেনে বৃহস্পতিবার এক লাখের বেশি মানুষ ঢাকা ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে।








