ভারতের ফালাকাটা কলেজে শনিবার রাতে এক অনুষ্ঠানে যোগ দিতে যান হালের সেরা টালিউডি নায়িকা শুভশ্রী। সেখানেই একদল মানুষের হেনস্থা করেন তাকে। এরপর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসন।
ঘটনাকে অন্যদিকে মোড় দিতে ফালাকাটার তৃণমূলের ব্লক সভাপতি অনিল অধিকারী বলেছেন, ‘যা ঘটেছে তা নিন্দনীয়। তবে যা শুনেছি, তাতে মনে হচ্ছে শুভশ্রীর কিছুটা সংযত হওয়া উচিত ছিল।’
সঙ্গে তৃণমূলের অন্যান্য নেতাদের দাবি, ছাত্র সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করলেও, সেখানে আশপাশের গ্রামের বহু মানুষ ছিলো। তারাও এমন জঘণ্য কাণ্ড ঘটাতে পারে।
শনিবার তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ফালাকাটা কলেজ সংসদের বাৎসরিক অনুষ্ঠানে এসে কিছু মানুষের হেনস্থার শিকার হন টালিগঞ্জের নায়িকা শুভশ্রী। সেই সময়ে উপস্থিত কেউ কেউ দেখেন রাগ সামলাতে না পেরে কয়েকটি চড়ও মেরেছেন শুভশ্রী।
এরপর ভীড় ঠেলে কোনো রকমে মঞ্চে উঠে বলেন ‘ওই ছাত্রেরা আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছে। এই ব্যবহার আমি কেন, কোনও মেয়ের সঙ্গেই করা উচিত নয়।’ তার পরে ওই অবস্থায় অনুষ্ঠান করার মতো মানসিকতা নেই জানিয়ে মঞ্চ থেকে নেমে গাড়িতে উঠে চলে যান এই নায়িকা।






