চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে বাংলাদেশ।
এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ তৃতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে। পরপর দুম্যাচে শূন্য রানে ফেরা ফজলে রাব্বির জায়গায় এসেছেন সৌম্য সরকার।
সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। খেলছেন আরিফুল হক ও আবু হায়দার রনি। ১৩০তম বাংলাদেশি হিসেবে পেস-অলরাউন্ডার আরিফুলের ওয়ানডে অভিষেক হচ্ছে।
বন্দরনগরীতে এসময়টাতে খেলায় ঘুরেফিরেই আলোচনায় আসে শিশির প্রসঙ্গ। দিবা-রাত্রির ম্যাচে শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে আগে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়কের।
মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৮ রানে জিতে এগিয়ে যাওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ।
বন্দরনগরীর ব্যাটিং সহায়ক উইকেটে দিবা-রাত্রির আটটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। এই মাঠে জিম্বাবুয়ের কাছে কোনো ম্যাচে হারেনি বাংলাদেশ। হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলে শতভাগ জয় মাশরাফী-মুশফিকদের।
এই মাঠে জিম্বাবুয়ের জন্যও সুখস্মৃতি আছে একটি। এখানে একমাত্র জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। এই ম্যাচেও খেলছেন তিনি।
ব্যাটসম্যানদের জন্য ভালো খবর থাকলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোলারদের জন্য তেমন কোনো সুখস্মৃতি নেই। ওয়ানডে ম্যাচে এ মাঠে পাঁচ উইকেট পাননি কোনো বোলারই। বাংলাদেশের সাকিব আল হাসান কেবল দুবার চার উইকেট করে পেয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে টাইগার দলে নেই বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি।







