দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৮১তম দিনে ২০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জন। গতকালের চেয়ে এই সংখ্যা প্রায় তিনগুণ। শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৭ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন।
শনাক্তের হার আগের দিনের থেকে কিছুটা কমে ২.৭৭ দশমিক থেকে দাঁড়িয়েছে ২ দশমিক ৪৫ এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪১৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ৬৪৫ জন।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৬ হাজার ৯২৫টি পরীক্ষায় ৪১৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে মোট ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৮ জন।







