সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বলেছেন, ভারতের জাতীয় পুরস্কার জয়ী বাঙালি নির্মাতা ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রে অভিনয় করতে না পারাটা তার জন্য দুর্ভাগ্যের।
শ্রীজিত মুখার্জী পরিচালিত ‘নির্বাক’ চলচ্চিত্রে অভিনয় করে টালিউডের খাতায় নাম লেখাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী।
অনেক দেরিতে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ নিয়ে গণমাধ্যমকে তার কষ্টের কথা জানিয়ে সুস্মিতা সেন বলেন, ঋতু দা (ঋতুপর্ণ ঘোষ) মারা যাবার আগে তার সঙ্গে একটি চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়েছিলো। তিনি সেই চলচ্চিত্রে অবশ্যই অভিনয় করতেন। কিন্তু সেটা হয়ে উঠার আগেই তিনি চলে যান না ফেরার দেশে।
সুস্মিতা বলেন, ঋতু দা অনেক সৎ মানুষ এবং সৎ নির্মাতা ছিলেন।
সুস্মিতা অভিনীত বাংলা চলচ্চিত্র ‘নির্বাক’এ আরো অভিনয় করেছেন যীশু সেন্গুপ্ত, অঞ্জন দত্ত এবং ঋত্ত্বিক চক্রবর্তী।মে মাসের প্রথম দিন চলচ্চিত্রটি মুক্তি পাবার কথা।
এর ট্রেইলার প্রকাশ হবার এক মাসের মধ্যেই এক লক্ষ বার দেখা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বেশ আগমনী বার্তা দিয়েই এই বাংলা চলচ্চিত্রের জগতে প্রবেশ করছেন সুস্মিতা সেন।






