থাম লুয়াং নাং নন গুহা থেকে উদ্ধারকৃত কিশোর ফুটবলারদের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল দেখতে আমন্ত্রণ পাঠিয়েছিল ফিফা। স্বাস্থ্য ভ্রমণ উপযোগী না হওয়ায় সেই আমন্ত্রণ রক্ষা করা যাচ্ছে না।
বিশ্বকাপ ফাইনাল না দেখা হলেও ১২ কিশোর ফুটবলারের সামনে থাকছে ম্যানচেস্টার ভ্রমণের সুযোগ। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ জানিয়েছে তাদের।
নিজেদের টুইটার পেজে ফুটবলারদের আমন্ত্রণ জানিয়ে ম্যানইউ লিখেছে, ‘থাইল্যান্ডে ১২ ফুটবলার ও তাদের কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়েছে, এটা জানার পর ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ স্বস্তিবোধ করছে। যারা এতটা কষ্ট ভোগ করেছে, তাদের জন্য আমাদের প্রার্থনা ও শুভকামনা। আমরা এই দল এবং তাদের উদ্ধারকারী সদস্যদের ওল্ড ট্রাফোর্ডে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
চলতি বছর ‘মিউনিখ বিমান দুর্ঘটনা’র ৬০ বছর উপলক্ষে থাই ফুটবলারদের আমন্ত্রণ জানাচ্ছে ম্যানইউ। ২০১০ সালে একইভাবে চিলির খনি থেকে উদ্ধারকৃত ৩৩ খনি শ্রমিককে পরিদর্শন করিয়েছিল ইংলিশ ক্লাবটি।
মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে গেছে ফ্রান্স। দারুণ এই জয়কে থাই ফুটবলারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।
শুধু তাই নয়, গুহা থেকে উদ্ধার করা অনেক ফুটবলারই ইংল্যান্ডকে সমর্থন করে। এমনটা জানার পর এই সাহসী ফুটবলারদের জার্সি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড তারকা ডেলে আলি।







