দুই ঈদ, পূজা ও পহেলা বৈশাখে যৌথ প্রযোজনার ছবি ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি কোনো ছবি আমদানি ও প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি আর তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।
এর আগে গত ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা ও পহেলা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন।
এরপর ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আপিল বিভাগে আবেদন করেন।
সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করে আদেশ দিলেন।







