ইয়াবা পাচার মামলায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক রোহিঙ্গা নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার একটি আদালত। এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানা তা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার দুপুর ১২ টার দিকে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার পানিরছড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের অস্থায়ী বাসিন্দা।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের আমগাছতলা এলাকা থেকে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ ফাতেমাকে আটক করে র্যাব।
এসময় র্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদী হয়ে তার (ফাতেমা) বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করে।
কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।








