ইমরান খান নির্বাচিত হওয়ার পরই ধারণা করা হয়েছিল পাকিস্তানের ক্রীড়াঙ্গনে পরিবর্তন আসবে। অনুমান ঠিকই হল। দেশটির ক্রিকেটাঙ্গন দিয়েই সেই যাত্রা শুরু হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এহসান মানি।
ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি। তখন ইমরানও জানিয়ে দেন, আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি হতে যাচ্ছেন পিসিবির নতুন চেয়ারম্যান। মঙ্গলবার আইসিসির সাবেক চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিসিবির গভর্নিংবডির বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন মানি। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
নওয়াজ শরিফের আমলে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে শাহিদ খাকান আব্বাসির সময় ২০২০ সাল পর্যন্ত নতুন করে দায়িত্ব পান।
আর এহসান মানি ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত আইসিসিতে পিসিবির প্রতিনিধি ছিলেন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।








