একই সমতলে ছিলেন অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ ৩১ গোলের রেকর্ডে নাম ছিল চারজনেরই। রোববার ব্রাইটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে বাকি তিনজনকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠলেন লিভারপুল তারকা।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটেই গোল করেছেন সালাহ। তাতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩২ গোলের রেকর্ড লেখা হয়েছে ‘মিসরের রাজা’র নামের পাশে।
কেবল প্রিমিয়ার লিগেই নয়। সালাহ দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগেও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ হতে যাওয়া মৌসুমে এখন পর্যন্ত ৪৪টি গোল পেয়েছেন অলরেড তারকা।
লিভারপুলের জার্সি গায়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে মৌসুমে ৩০’র বেশি গোল করলেন মিশরীয় ফরোয়ার্ড। ১৯৯৫-৯৬ মৌসুমে ব্ল্যাকবার্নের হয়ে প্রথম মৌসুমে ৩১ গোল করেছিলেন অ্যালান শিয়েরার। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো ও ২০১৩-১৪ মৌসুমে এই লিভারপুলেরই হয়েই ৩১টি করে গোল করেছিলেন সুয়ারেজ।







