ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ফাইনালে রানের বন্যায়ে ভাসবে ইডেন। এদিনের পিচ বিগ হিটারদের জন্য অনুকূল হবে। এমনটাই জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ক্রিকেট অ্যাসেসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সব মিলিয়ে হাই স্কোরিং ম্যাচের আশাই করছেন ‘দাদা’।
দু’ দলেই দুরন্ত সব হিটার ব্যাটসম্যান রয়েছেন। এদের প্রায় সবাই সিঙ্গেলস-ডাবলসের চেয়ে বলকে সীমানা ছাড়া করতে বেশি পছন্দ করেন। তাই বিগ হিটাররা রানের ফোয়ারা ছোটালে ‘খেল খতম’ এর সঙ্গে সঙ্গে ‘পয়সা উসুল’ হবে দর্শকদের।
ইন্ডিয়াটুডের সঙ্গে বিশেষ সাক্ষাতকারে গাঙ্গুলি বলেছেন, উইকেট হবে দারুণ। সামান্য ঘাস থাকবে। আগের দুটি ম্যাচের চেয়ে এটি ভিন্ন হবে। সব মিলিয়ে এক বিস্ময়কর ম্যাচই হতে যাচ্ছে ইডেনে।
এই ম্যাচে টস তেমন কোনো ফ্যাক্টর হবে না বলেও জানান সৌরভ। বলেন, শিরোপা নির্ধারণী ম্যাচে যেই আগে ব্যাট করুক তাদেরই ১৮০-১৯০ রান করার সুযোগ থাকবে। আর দু’ দলেরই এর চেয়ে বেশি রান ধাওয়া করে ফাইনালে আসার স্মৃতিটা এখনো তরতাজা।







