বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার সম্ভাবনা থাকলেও ঘরোয়ায় ক্যারিয়ার আরও কয়েকবছর চালিয়ে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আগামী বিপিএল খেলতে দেখা যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে ইচ্ছা আছে।’
‘আন্তর্জাতিক ক্রিকেট কী হবে সেটা জানি না। সব মিলিয়ে একটা ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলব। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা না, ধরেন ঢাকা লিগ বা বিপিএল এগুলো আমাদের বড় টুর্নামেন্ট। এখান থেকেই সবাই জাতীয় দলে যায়।’
‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফী ঘরোয়া ক্রিকেট না খেলেই সরাসরি বাংলাদেশ দলে আসেন। ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট খেলেন এ ডানহাতি পেসার। ১৮ বছর অতিবাহিত হয়েছে ক্রিকেট ক্যারিয়ার। যেটিকে ২০-এ নেয়ার ইচ্ছা ছিল মাশরাফীর।
কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্যারিয়ার লম্বা করা কতটা সম্ভব হবে তা নিয়ে দোলাচল থাকছেই। সবদিক চিন্তা করেই হয়ত জোর খাটিয়ে বলতে পারেননি, ২০ বছর খেলার ব্যাপারে।
‘অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে, ২০ বছর খেলার। হবে কিনা জানি না, ইচ্ছা তো আছে। বিপিএল পরের বছর যদি সময়তো হয় অথবা সুযোগ থাকে, আসলে এখনই বলতে পারছি না। ইচ্ছা আছে দেখা যাক।’
বুধবার রাতে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের কাছে ৫ উইকেটে হেরে থেমে গেছে মাশরাফীর রংপুর রাইডার্স। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ছয় আসরের চারবারই উঁচিয়ে ধরেছেন ট্রফি। এবার নিয়ে দুটি আসরে ফাইনাল খেলার অভিজ্ঞতা হল না তার।








