চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মার্ক উডকে ডেকেছে ইংল্যান্ড। কিন্তু বাদ পড়েছেন স্টিভেন ফিন। গোড়ালির ইনজুরিতে পড়ার পর বেশ কয়েকমাস মাঠের বাইরে থেকে ডাক পেলেন উড।
২৭ বছর বয়সী এই পেসার গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নামেন। জাতীয় দলে তার অভিষেক হয় ২০১৫ সালে। এখন পর্যন্ত ১১টি ওডিআইতে মাঠে নেমেছেন। উইকেট নিয়েছেন ১২টি।
ইংল্যান্ড গত কয়েক মাস ধরে টেস্টে বেশ ভালো করছে। তবে সব ধরনের ক্রিকেটে যারা ভালো করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় তাদের ওপরই গুরুত্ব দেয়া হয়েছে।
‘আমরা গত ১৮ মাসে সাদা বলে বেশ ভালো করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় ধারাবাহিকতা এবং সব ধরনের ক্রিকেটে যারা ভালো করছেন তাদের দিকে নজর দেয়া হয়েছে।’ দল ঘোষণার পর বলেন দেশটির জাতীয় নির্বাচক জেমস হোয়াইটেকার।
ইংল্যান্ড যে দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, সেই দলটি নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল:
ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, এবং মার্ক উড।







