লর্ডস টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করেছেন মাত্র ৩৭ মিনিট। ব্যাটিংয়েও সুস্থির ছিলেন না। কোমরে নাছোড়বান্দা চোট আবারও ফিরে আসায় ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক বিরাট কোহলি।
সাউথ আফ্রিকা সফর থেকেই এই চোটকে সঙ্গী করে দেশে ফিরেছেন কোহলি। সেবার তার খেলা হয়নি টি-টুয়েন্টি সিরিজে। লর্ডস টেস্ট থেকে নটিংহ্যাম টেস্টের বিরতি পাঁচদিন হওয়ায় চোট সেরে ম্যাচে ফেরার আশা ভারত অধিনায়কের।
লর্ডস টেস্টে ব্যর্থতার পর একের পর এক সমালোচনা ধেয়ে আসছে কোহলিবাহিনীর দিকে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই ব্যস্ত ভারতের সমালোচনায়। প্রথম দুই টেস্টে ব্যর্থতার পর শোনা যাচ্ছে নির্বাচকদের জবাবদিহিতার সামনে পড়তে হতে পারে কোচ রবি শাস্ত্রী ও কোহলিকে।
এমন কঠিন সময়ে ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কোহলি। যেখানে প্রতিজ্ঞা করেছেন হাল ছেড়ে দেবে না তার দল, ‘কখনো আমরা জিতি, কখনো শিখি। আপনারা আমাদের উপর থেকে আশা হারাবেন না। আমরাও আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যে হাল ছেড়ে দেব না।’







