বুদ্ধিবৃত্তিক স্লেজিংয়ে গ্যাবায় কার্যকর এবং অস্বাভাবিক সাফল্যের পর অস্ট্রেলিয়ার দিক থেকে বলা হচ্ছে, পুরো অ্যাশেজ সিরিজেই ইংল্যান্ডকে কাবু করার অস্ত্র হিসেবে ‘স্মার্ট স্লেজিং’ চালু রাখবে তারা। বৃহস্পতিবার স্লেজিং অব্যাহত রাখার ঘোষণা দেন অজি মিডলঅর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
ব্রিসবেন টেস্টে ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় দিয়ে অ্যাশেজ যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। এরপরই স্লেজিং চালিয়ে যাওয়ার ঘোষণা এল। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন অবশ্য বলেছেন, ব্রিসবেনে প্রথম আড়াই দিনে কোনও স্লেজিং করেনি স্বাগতিকরা। তৃতীয় দিনের শেষভাগে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পরই স্লেজিং শুরু করে তারা।
সিরিজ শুরুর আগে একটি বারে ছোটখাটো ঝামেলায় জড়িয়েছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার ক্যামেরন বেনক্রফট। অস্ট্রেলিয়ানরা তাই স্লেজিংয়ের প্রধান টার্গেট বানিয়েছে বেয়ারস্টোকেই।
ম্যাচের চতুর্থদিন বেয়ারস্টোকে লক্ষ্য করে স্লেজিং শুরু করে অস্ট্রেলিয়া। স্টাম্প মাইক্রোফোন অডিওতে সেটা ধরাও পড়েছে। সেখানে বেয়ারস্টোকে উদ্দেশ্য করে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, ‘আমাদের সতীর্থকে তোমার ঢুঁশ মারা ঠিক হয়নি।’
অন্যদের ব্যর্থতার মধ্য সেদিন ভাল ব্যাট করছিলেন বেয়ারস্টো। কিন্তু ওয়ার্নারের স্লেজিংয়ের একটু পরই আগ্রাসী শট খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন। ফেরার আগে ইনিংসের দ্বিতীয় সেরা ৪২ রান করেছিলেন তিনি।
ম্যাচ শেষে অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘আমি মনে করি স্লেজিং মূলত জনিকে তার খেলা থেকে বের করে দেয়ার চেষ্টা করেছে এবং সেটা (স্লেজিং) যেভাবে কাজ করার কথা সেভাবেই করেছে। থার্ডম্যানে যেভাবে আউট হয়েছে, এমন সাধারণ শট সচরাচর সে খেলে না। আমরা স্রেফ এই কাজটাই করতে চেয়েছিলাম এবং সেটা ঠিকঠাক মতই হয়েছে।’
স্লেজিং ওষুধে বেয়ারস্টো ধরাশয়ী হওয়ার পর অস্ট্রেলিয়া এখন বিশ্বাস করছে, ইংলিশদের কাবু করতে পুরো সিরিজেই এই কার্ড কাজে লাগবে।
হ্যান্ডসকম্ব বলেছেন, ‘যতক্ষণ স্লেজিং চলছে, কাজ করছে, ততক্ষণ মনে রাখতে হবে আমরা কোনও কার্যকর জিনিসই নিয়ে এসেছি।’
‘সাধারণত, অস্ট্রেলিয়ানরা এই উপায়টাই ব্যবহার করে। এটা খুব নৃশংস.. তা কিন্তু না। তবে দেখা যাচ্ছে ভাল কাজে দেয়। এটা খেলার একটি অংশ। দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং চলতে থাকবে। আমরা যদি স্লেজিংয়ে স্মার্ট হতে পারি, সেটা অন্যদের দুর্বলতা খুঁজে দেবে এবং দিনশেষে আমরাই খুশি হব।’ যোগ করেছেন হ্যান্ডসকম্ব।








