সিলেটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বুধবার প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন তিন ফরম্যাটেই জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার।
বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সৌম্য ছাড়াও বাংলাদেশ দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন ইয়াসির আলি চৌধুরী, শামীম পাটোয়ারি, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, নাসুম আহমেদ।
লেগ স্পিনার রিশাদ হোসেনকে রাখা হয়েছে ১৩ সদস্যের দলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দীপুও সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন আশেক আহমেদ রোহান, জাকের আলী অনিক, মুশফিক হাসান, আরিদুল আকাশ।
আগামী ১৮ মার্চ শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে চট্টগ্রামে সমান ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।








