বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আবারও দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার প্রাইস। তিনি সময় নেন ১০.৭৬ সেকেন্ড।
চীনের বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাথলেটিকসের সবচেয়ে বড় এই আসরে এবারও ফেবারিট ছিলেন ব্যতিক্রর্মী হেয়ার স্টাইলের শেলি।
শুরুতে একটুখানি পিছিয়ে পড়লেও সেটা দ্রুতই পুষিয়ে নেন এই স্প্রিন্টার। দুরন্ত গতিতে ছুটে নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সকে হারিয়ে বাজিমাত করেন তিনি।
এ নিয়ে তিনবার তিনি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন। তবে এই চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে তাঁর পদক সংখ্যা দাঁড়িয়েছে ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য।
অলিম্পিক গেমসেও তিনি দুইবার দ্রুততম মানবী হন। ২০১৩ সালে ১০০ এবং ২০০ উভয় ইভেন্টেই সোনা জিতেছিলেন প্রাইস। এর আগে রোববার দ্রুততম মানব হন জ্যামাইকার উসাইন বোল্ট। সব মিলিয়ে ১০০ মিটারে বরাবরের মতো জ্যামাইকারই জয়জয়কার।






