প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন তিনি। দলের খুব প্রয়োজনের মুহূর্তে আবারও ত্রাতা সেই মোহাম্মদ সাইফউদ্দিনই। বাবর-ইমামের জমে যাওয়া ১৫৭ রানের জুটি থামিয়েছেন এ পেসার। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা বাবরকে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেছেন।
লর্ডসে শুরু থেকেই টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে ছিল পাকিস্তান। শুধু বাকী ছিল উইকেট তোলা। সেটাও করে দেখান সাইফউদ্দিন। ফখর জামানকে মিরাজের ক্যাচ বানিয়ে পাঠান সাজঘরে। সেটি প্রথম সাফল্য টাইগারদের। ফখরের ব্যাট থেকে আসে ১৩ রান।
পাকিস্তান-১৯৪/২ (৩৪)
ক্রিজে আছেন ইমাম-উল হক ও মোহাম্মদ হাফিজ। ফিফটি তুলে সেঞ্চুরির পথে আছেন ইমাম।
অষ্টম ওভারের দ্বিতীয় বলে ফখরকে দারুণ এক ডেলিভারিতে ফেরান সাইফউদ্দিন। অফস্টাম্পের অনেক বাইরে বল দিয়েছিলেন। পয়েন্ট উপর দিয়ে খেলতে গিয়ে সোজা মিরাজের হাতে ক্যাচ। সামনের পায়ে খেলা ফখরের সমস্যার কথা জেনেই হয়তো পাকিস্তানি ওপেনারকে এভাবে বোকা বানান সাইফউদ্দিন।
চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লর্ডসে নিয়মরক্ষার এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছেন মাশরাফীরা।
একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। সাব্বিরের পরিবর্তে মাহমুদউল্লাহ ফিরেছেন ও মেহেদী হাসান মিরাজ এসেছেন রুবেল হোসেনের জায়গায়।
ভারতের বিপক্ষে হারের পরই বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। আট ম্যাচে বাংলাদেশের পয়েন্ট সাত। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। এদিকে সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে তিনশর বেশি রানে জিততে হবে পাকিস্তানিদের।








