গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার। মার্চ মাসের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ এক প্রজ্ঞাপনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আদেশ জারি করে।
সরকারের নির্বাহী আদেশে টানা তৃতীয় মাসে বিদ্যুতের দাম বাড়ল। জানুয়ারি-ফেব্রুয়ারি পর মার্চ মাসেও গ্রাহককে বিদ্যুত ব্যবহারে গুনতে হবে বাড়তি অর্থ। বুধবার থেকে সব শ্রেণির গ্রাহকের বিদ্যুতের খরচ বাড়বে আগের চেয়ে পাঁচ শতাংশ বেশি।
নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবে বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে দাঁড়াবে ৮ টাকা ২৪ পয়সা। যা ফেব্রুয়ারিতে ৭ টাকা ৮৫ পয়সা ও জানুয়ারিতে ৭ টাকা ৪৮ পয়সা ছিল।
বিদ্যুত খাতে ভর্তুকির চাপ সামলাতে চলতি বছর প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। তবে মার্চে খুচরায় বাড়লেও পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।








