আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বড় অপারমাণবিক বোমা ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে এখনো পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলা নিয়ে বিশ্ব জুড়ে হইচই পড়ে গেছে।
সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জের কাটতে না কাটতেই ফের এই হামলায় নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। তবে তাতে বিশেষ বিচলিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় মার্কিন সেনার পাশেই দাঁড়াচ্ছেন তিনি।
ট্রাম্প বলছেন, ‘সেনাবাহিনীর এই বীর মনোভাবে আমি গর্বিত।’
মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন পাকিস্তান সীমান্ত লাগোয়া আফগানিস্তানের ওই পার্বত্য অঞ্চলে ঘাঁটি গেড়েছিল আইএস জঙ্গিরা। তাদের হত্যা করতেই এই এই অভিযান।
ট্রাম্প বলেছেন, ‘সকলেই জানেন যে, কী ঘটেছে। আমি নিজে ওই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছি। আমরাই বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি। আমাদের সেনা তাদের কর্তব্য করেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো দাবি করেছেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে তার জমানাতেই গত আট বছরের তুলনায় অনেক বেশি সাফল্য লাভ করেছে সেনাবাহিনী।
সিরিয়া ও আফগানিস্তানের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে হুমিক দিচ্ছে নর্থ কোরিয়াও। এই হামলা কি তাদের কোনও বার্তা দেবে? ট্রাম্প বলছেন, ‘ বার্তা পৌঁছালো, কি পৌঁছালো না, তাতে কোনো পার্থক্য পড়বে না। নর্থ কোরিয়ার আগ্রাসী বিদেশনীতি সারা দুনিয়ার কাছেই একটা জ্বলন্ত সমস্যা। আমেরিকা সেই সমাধানের কথা ভাবছে।’








