আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয় সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার কাজী অনিক। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরান ওপেনার নাভিদ ওবায়েদকে (৬)।
দ্বিতীয় উইকেট জুটি থিতু হওয়ার আগেই আবারও আঘাত হানেন অনিক। এবার ফেরান পারওয়াইজ মালিকজাইকে (৬)। সফরকারীদের রান তখন ৩৪। অন্যপ্রান্তে অফস্পিনার নাঈম হাসানও জ্বলে ওঠেন। আর ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আরও তিন আফগান ব্যাটসম্যান।
ইনিংসের নবম ওভারে অনিক নেন জোড়া উইকেট। পরের ওভারে নাঈমও জোড়া উইকেট নিলে আফগানদের স্কোরবোর্ডের চেহারা হয়ে পড়ে বিপর্যস্ত, ৩৬/৫। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একের পর এক উইকেট হারিয়ে ৩৪.২ ওভার ব্যাট করে অলআউট হয় আফগানরা। তাদের কেবল দুই ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কের ঘরে। ওপেনার তারিক স্তানিকজাই ১৬ ও নাসিরুল্লাহ ওয়াদাত করেন ১০ রান।
প্রথম স্পেলে সমান ৬ ওভার করে বোলিং করে ৩টি করে উইকেট নেন অনিক ও নাঈম। দ্বিতীয় স্পেলে দুই ওভার করে অনিক নেন আরও একটি। ৮ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই পেসার। সবচেয়ে কিপটে বোলিং নাঈমের। ৯ ওভারে চার মেডেন তুলে খরচ করেন মাত্র ১১ রান। রবিউল হক ও মনিরুল ইসলাম নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় টাইগার যুবারা। ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২০ রান করে সাইফ হাসান আউট হলে ভাঙে জুটিটি।
তিন নম্বরে নামা আফিফ হোসেনের সঙ্গে অপর ওপেনার পিনাক ঘোষের জুটি হয় ৩৪ রানের। দলীয় ৬৯ এর ঘরে ব্যক্তিগত ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পিনাক। বাঁহাতি ওপেনারের ৩৭ বলের ইনিংসটিতে ছিল একটি করে ছক্কা ও চার।
সাইফ-পিনাকের মতো থিতু হয়ে আউট হন আফিফও। পিনাক ফেরার এক বল পর এলডব্লিউ হয়ে সাজঘরে আফিফ। ১৪ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান এই বাঁহাতির। ৫ রান করে মিডলঅর্ডার ব্যাটসম্যান মো. রাকিব সাজঘরে ফিরলে ৮৪ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে হৃদয় ও মাহিদুল ৭৫ রানের জুটি গড়ে ভাল সংগ্রহের পথে রাখেন টাইগার যুবাদের। দলীয় দেড়শ পেরিয়ে গেলে ৫২ রান করে সাজঘরে ফেরেন হৃদয়। দলের ৬ রান যোগ হতে আরও দুই উইকেট হারালে রানের গতি কমে যায়। মাহিদুল ফেরেন ৩৫ রানে।
অষ্টম উইকেটে অনিক ও রবিউল ৪৮ রানের কার্যকরী জুটি গড়ে লড়াকু সংগ্রহের দিকে নিয়ে যান দলকে। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সাইফ হাসানের দল তোলে ২২২ রান। এই সংগ্রহ পাহাড় হয়ে দাঁড়ায় সফরকারীদের জন্য। সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার।







