ব্যান্ড সংগীতের কিংবদন্তী গায়ক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ সারাদেশে। জনপ্রিয় এই রক স্টারের মৃত্যুতে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই। শোক বইতে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও কাছের মানুষরা তাকে নিয়ে স্মৃতি লিখছেন।
গায়ক, গীতিকার এবং সুরকার নকীব খান শোক বইতে লেখেন, অনেক তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। মহান আল্লাহর কাছে সবাই দোয়া করি যেন তোমার আত্মা শান্তিতে থাকে। যেন তোমাকে বেহেশত নসীব করেন। আমিন।
ব্যান্ড দল মাইলসের মানাম আহমেদ লেখেন,আমার জীবনের একটা বড় অংশ জুড়ে অনুপ্রেরণা হয়ে তুমি ছিলে। আজ চলে যাওয়ায় অনুভূতিতে আঘাত লেগেছে। বন্ধু তোমাকে মিস করছি।
সংগীত পরিচালক শওকত আলী ইমন লেখেন, অনেক বড় ক্ষতি হয়ে গেল ভাই। আপনি রইবেন আজীবনে আমাদের সবার প্রাণে।
এরকম অনেকেই চ্যানেল আই কার্যালয়ে এসে আইয়ুব বাচ্চুকে নিয়ে শোক বইতে নিজের মতো করে তার চলে যাওয়া নিয়ে অনুভূতি লিখছেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় দিকে তাকে স্কয়ার হাসপাতালে জরুরী বিভাগে আনা হয় আইয়ুব বাচ্চুকে। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পরে ঢাকায় জানাজা ও পরেরদিন শনিবার চট্টগ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন এই গুণী সঙ্গীতব্যক্তিত্ব।
ছবি- সাকিব উল ইসলাম







