১৪ দিনব্যাপী চিরুনি অভিযানে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গি গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগে একজন বাংলাদেশীসহ পাঁচজনকে আটক করেছে মালয়েশিয়ার বুকিত আমান স্পেশাল ব্র্যাঞ্চ কাউন্টার টেরোরিজম ডিভিশন।
আটক হওয়া ওই বাংলাদেশী নাগরিক সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে শনিবার এক বিবৃতিতে জানায় মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ তান স্রি খালিদ আবু বকর।
মালয়েশিয়া এবং বাংলাদেশী নাগরিককে আইএসের সাথে সম্পর্ক রয়েছে বলেও জানান খালিদ।
নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত সিলানগর, কেলানটান এবং জহর এই তিনটি শহরে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাংলাদেশী, একজন মালয়েশিয়ান, একজন ইন্দোনেশিয়ান (৩১), একজন পশ্চিমা এবং একজন আফ্রিকান নাগরিককে আটক করা হয়।
এদের মধ্যে জহর শহর থেকে আটক করা ইন্দোনেশিয়ান নাগরিককে সেল প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে এবং যিনি ২০১৪ এর মাঝামাঝি সময়ে ফেসবুকের মাধ্যমে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য স্বীকার করে বলে ধারণা করা হচ্ছে।
আইজিপি খালিদ বলেন, ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান নাগরিকরা মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে নতুন সদস্য সংগ্রহ করে এবং তাদের সিরিয়া পাঠানোর ব্যবস্থা করে।
এছাড়াও আটক ইউরোপিয়ান ওই নাগরিক পেনাং শহরে খন্ডকালিন শিক্ষক হিসেবে কাজ করতেন। এর আগে তিনি আল-কায়েদায় যোগ দিয়েছিলেন। আফগানিস্তান ও বসনিয়ায় সন্ত্রাসী হামলার সাথেও জড়িত ছিলো সে।
সন্ত্রাসী কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকা আফ্রিকান নাগরিকপেতালিং জায়া’র একটি প্রাইভেট কলেজের ছাত্র ছিলো।







