নিরাপত্তার হুমকির কথা বলে একসময় বাংলাদেশ সফর বাতিল করে সমালোচনার মুখে পড়া অস্ট্রেলিয়া এখন বোর্ড-খেলোয়াড় হুমকি-পাল্টা হুমকির ঘেরাটোপে আবর্তিত হচ্ছে। চুক্তি শর্ত নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ব্যবধানটা দিনকে দিনে এতটাই বাড়ছে যে, আসন্ন বাংলাদেশ সফর ও পরের অ্যাশেজে সেরা খেলোয়াড়দের পাবে কিনা অজি দল সেটিই এখন বড় শঙ্কার। তার মাঝে স্মিথ-ওয়ার্নারদের নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন চুক্তিনীতি না মানার জন্য স্মিথ-ওয়ার্নাররা দৃঢ় অবস্থানেই আছেন। বোর্ডের বিকল্প কিছু প্রস্তাবও সহাস্যে নাকচ করে দিয়েছে অজিদের খেলোয়াড়দের সংগঠন। সেটিই সম্পর্ক নিয়ে গেছে আরো তিক্ততার জায়গায়। এজন্যই নতুন চুক্তি নিয়ে অজি ক্রিকেটারদের এবার কঠিন হুশিয়ারি দিয়ে রাখল সিএ। যাতে বলা হয়েছে, চুক্তিতে না আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অনাপত্তিপত্রও পাবে না দেশটির ক্রিকেটাররা। এমনকি, বোর্ডের অনুমতি ছাড়া কোন প্রকার প্রীতি ম্যাচে খেললেও ছয় মাসের নিষেধাজ্ঞা মিলবে স্টার্ক-খাজাদের।
খেলোয়াড়দের উদ্দেশ্যে কড়া ভাষায় একটি ই-মেইল পাঠিয়েছেন সিএ ম্যানেজার প্যাট হাওয়ার্ড। বার্তায় একটি কথা স্পষ্ট করতে চেয়েছেন হাওয়ার্ড, ‘হয় চুক্তিতে আসো, নয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে!’
বোর্ডের সঙ্গে ১ জুলাইয়ের মধ্যে নতুন চুক্তিতে আসতে বলা হয়েছে অজি ক্রিকেটারদের। নইলে বেকার হয়ে যাবেন সমস্ত ক্রিকেটার। এমনকি চুক্তির বাইরের ক্রিকেটারদেরও কোন প্রকার টি-টুয়েন্টি লিগে খেলতে বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র নেয়া লাগবে। অনুমতি লাগবে আইসিসির কোন প্রীতি ম্যাচে খেলতে গেলেও। এর ব্যতিক্রম হলে ছয় মাসের নিষেধাজ্ঞায় পড়তে হবে।
নতুন চুক্তিতে আসতে খেলোয়াড়দের হাতে সময় আছে আর মাত্র ২ দিন। এই সময়ের বাইরেও ১৪ জুলাই পর্যন্ত বিশেষ বিবেচনায় বাড়তি একটা সময়ও পাবেন ক্রিকেটাররা। তবে এখনও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি অজি ক্রিকেটারদের কাছ থেকে। যদি নিষেধাজ্ঞায় পড়েন স্মিথরা, তাহলে ভেস্তে যেতে পারে বাংলাদেশ বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ, ভারতের মাটিতে ওয়ানডে সিরিজও। এমনকি আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজও! এখন দেখার হুমকি-পাল্টা হুমকির এই ঘেরাটোপ থেকে কিভাবে বেরিয়ে আসে অজিরা।







